মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের হুক ছিঁড়ে পেছনের ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের (৭২০) মাঝামাঝি অংশে থাকা হুক ছিঁড়ে ছয়টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ইঞ্জিনসহ সামনের ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। বিচ্ছিন্ন ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতরেই পড়ে থাকে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনের ভেতরে পড়ে থাকা ছয়টি বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বিকেল ৫টা পর্যন্ত বিচ্ছিন্ন বগিগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ কারণে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের উপযোগী করার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।


মন্তব্য করুন