হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় বিমানকর্মীসহ দুজনকে আটক করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকে আটক করা হয়। একই ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানকেও আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

উদ্ধার করা স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।