সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ ও হালকা বাতাসের সঙ্গে স্বল্প সময়ের বৃষ্টিতে গত কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।

সকাল ৯টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ১৫ মিনিট বৃষ্টি হয়। এর আগে সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সূর্যের তীব্রতা কম থাকায় এবং হালকা বাতাস থাকায় আবহাওয়ায় ছিল তুলনামূলক স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এসব অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিনের গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর শুক্রবারের মেঘলা আকাশ ও বৃষ্টিতে রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।