সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় সেন্টমার্টিনের অদূরে বিপদে পড়া একটি ট্রলার থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌবাহিনী জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি ট্রলারসহ ১১ জনকে আটক এবং ট্রলারে থাকা ৬৫ জনকে উদ্ধার করে।
এর আগে সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। বোটটিকে সহায়তা করতে এগিয়ে গেলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
খবর পেয়ে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারের ভেতরে পানি প্রবেশ করায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ট্রলারে থাকা মোট ৭৬ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ৬৫ জনের অধিকাংশকে মানব পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়।

মন্তব্য করুন