পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে ঢাকায় ফেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমানের ফ্লাইট বিজি-৩৩৮। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানির কন্টেইনার সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি। এতে যাত্রীদের পানি পেতে বিলম্ব হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হওয়ার বিষয়টি উঠে এসেছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিমান জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।