মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকা এক আসামীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম নুরুল আমিন উরফে রুহুল আমিন (পিতা: মোঃ সাদিকুর রহমান)। তার বাড়ি সিলেট জেলার শাহপরান থানার কল্লগ্রাম এলাকায়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার গোয়াইনঘাট থানায় দায়েরকৃত মামলা নং-২৫ এবং জিআর নং-২০৩/১৮ এর অধীনে বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল আমিনকে আটক করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১), ৯(খ) ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায় ঘোষণার পর ২০২৪ সালের ২৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে এরপর থেকেই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক থাকেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানার ওয়ারেন্ট অফিসার এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় এএসআই হামিদুল ইসলাম এবং এএসআই হ্লামং মারমা সহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ১৮ মার্চ (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কল্লগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি আত্মগোপনে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “মাদক মামলার সাজাপ্রাপ্ত এই আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেপ্তারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
