রাজশাহী বিভাগের ছয়টি আসনে বিএনপির আটজন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত আটজন হলেন, নওগাঁ-৩ আসনের প্রার্থী মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকি (জনি), নাটোর-১ আসনের প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম (টিপু), একই আসনের প্রার্থী জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ (রাজন), নাটোর-৩ আসনের প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, রাজশাহী-৫ আসনের প্রার্থী পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক (শিমুল), একই আসনের প্রার্থী লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম, পাবনা-৩ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম আনোয়ারুল ইসলাম ও পাবনা-৪ আসনের প্রার্থী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তাঁরা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

বহিষ্কৃতদের মধ্যে ইয়াসির আরশাদ প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমানের (পটল) ছেলে। নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাঁর মেয়ে ফারজানা শারমীন। মনোনয়ন না পেয়ে তাঁর ভাই ইয়াসির আরশাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
প্রত্যাহারের শেষ দিন গত মঙ্গলবার বিকেল পাঁচটার পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করার উদ্যোগ নেন। তবে সময় শেষ হওয়ায় তাঁর আবেদন গ্রহণ করা হয়নি।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুরে সংবাদ সম্মেলন করে ইয়াসির আরশাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বোন ফারজানা শারমীনকে সমর্থন দেন।
