সিলেট নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  (১লা জানুয়ারি ২০২৬)  সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় নগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানজট নিরসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শুরুতেই পুলিশ কমিশনার নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেট নগরীতে শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে রাস্তায় এলোমেলোভাবে যানবাহন পার্কিং করা যাবে না। সকল যানবাহনকে অবশ্যই নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। পরিবহনভেদে যেসব স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে, সংশ্লিষ্ট যানবাহনগুলোকে সেখানেই অবস্থান করতে হবে।

তিনি আরও বলেন, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করানো ট্রাফিক ব্যবস্থার বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই যাত্রী ওঠানো ও নামানো শুধুমাত্র নির্ধারিত স্ট্যান্ড থেকেই করতে হবে। এ বিষয়ে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুলিশ কমিশনার আরও জানান, নগরীর যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সচেতন ভূমিকা পালনের মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এবং অতিরিক্ত দায়িত্বে ডিসি সদর ও প্রশাসন, ইএন্ডডি) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম।

এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পরিবহন সংগঠনের নেতারা ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।