দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মীরসরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি যোগ হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে বিএনপি মীরসরাই উপজেলা শাখার প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
অনুষ্ঠানে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, মীরসরাইয়ের বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নিজস্ব একটি স্থায়ী কার্যালয়ের অভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। নতুন কার্যালয় নির্মাণের মাধ্যমে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আন্দোলন-সংগ্রাম পরিচালনায় সাংগঠনিক সক্ষমতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, জাহিদ হুসাইন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এই কার্যালয় ভবিষ্যতে শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম সাংগঠনিক ঘাঁটি হিসেবে কাজ করবে।
দলীয় সূত্র জানায়, মীরসরাই পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে আধুনিক নকশায় বহুতল ভবন নির্মাণ করা হবে। কার্যালয়টিতে দলীয় সভা, প্রশিক্ষণ, সাংগঠনিক বৈঠক এবং নেতাকর্মীদের জন্য পৃথক কার্যকক্ষ থাকবে।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও সাংগঠনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপজেলা পর্যায়ে নিজস্ব কার্যালয় নির্মাণ বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে মীরসরাইকে আরও সক্রিয় করে তুলবে।
