র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম আব্দুল হান্নান @ হানাই সিলেট জেলার কানাইঘাটের বাসিন্দা। বিবাদীগণ কর্তৃক ভিকটিমের জমি জবর দখল ও চাঁদা দাবির বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত ০৯/১১/২৫ ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকায় ভিকটিম তার বসত ঘরে ঘুমিয়ে ছিল। ভিকটিমের স্ত্রী ভোর বেলা ঘরের দরজা খোলার পর বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করতঃ ভিকটিমকে ঘুমন্ত অবস্থায় জাপটে ধরে এবং রশি দ্বারা হাত পা বেঁধে ফেলে। পরবর্তীতে বিবাদীরা ডেগার, জিআই পাইপ দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে আঘাত করলে মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত এবং ফাটা জখম হয়। অতঃপর অন্যান্য বিবাদীরা লোহার রড় দ্বারা পুনরায় ভিকটিমের মাথা, ডান পা ও শারীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করলে হাডভাঙ্গা জখম হয়। বিবাদীগণ ভিকটিমকে মৃত ভেবে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে চলে যায়। ভিকটিমের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল গত ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ২০.২০ ঘটিকায় সিলেট জেলার কানাইঘাট থানাধীন আলীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা সিলেট জেলার কানাইঘাট থানার মামলা নং- নং-০৮/১৭৭, তারিখ-১২/১১/২০২৫ইং, ধারাঃ ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে জমি নিয়ে হত্যাকান্ডের মামলার ০১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- আব্দুল হামিদ (৫৫), পিতা- মৃত আলা উদ্দিন @ মৃত আলাউর রহমান, সাং- ডাউকেরগুল @ কান্দলা, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।