অনেকেই ঝামেলা এড়াতে সকালে কিংবা বিকেলের নাশতায় মুড়ি খেয়ে থাকেন। ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরে রান্নার ধকল এড়িয়ে চলতে চাইলে ঝটপট মুড়ির দিকে হাত বাড়ান অনেকেই। প্রতিদিনের এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর তা কি আপনি জানেন?মুড়িতে রয়েছে ক্যালোরি, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, থিয়ামাইন, নিয়াসিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মুড়ি খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই বলে মুড়ি খাওয়ার অভ্যাসে অপকারিতা নয় বরং সঙ্গে রয়েছে নানা উপকারিতাও।যেমন প্রতিদিনই যদি আপনার মুড়ি খাওয়ার অভ্যাস থাকে তবে তা হজমশক্তি বাড়াতে সহায়ক হিসেবে কাজ করে। পেটের গ্যাস অনেকটাই কমাতে পারে এই মুড়ি। অম্বলের সমস্যায় মুড়ি পানিতে ভিজিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়।

ক্যালোরি কম থাকায় এবং হজমশক্তির উন্নতি হওয়ায় মুড়ি শরীরের ওজন কমাতে পারে। এতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে।মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় এ ছাড়া মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, যা হাড়কে দৃঢ় ও মজবুত করে তোলে। তাই হাড়ের যত্নে মুড়ি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।