মানুষের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে চোখ সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ আমরা আমাদের আশপাশের সবকিছু চোখ দিয়েই দেখতে পারি। সামনাসামনি কথা বলার সময়ও চোখের দিকেই নজর সবার আগে আসে। তাই চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে এর যত্ন নেয়া প্রয়োজন। বিশেষ করে বর্ষায়। কেননা, এ সময় নানা ধরনের সংক্রমণ ছড়ায়।

চোখ হলো খুবই স্পর্শকাতর অঙ্গ। এজন্য চোখকে সবসময় বেশি যত্নে রাখা প্রয়োজন। কারণ, যে কোনো সংক্রমণ সবার আগে চোখেই হওয়ার আশঙ্কা থাকে।বর্ষাকালে নানা ধরনের সংক্রমণ ছড়ানোর প্রবণতা দেখা যায়। কনজাংটিভাইটিস, কর্নিয়াল আলসার এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বাড়ে। ফলে এই সময়ে চোখের বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন।

যেভাবে এ সময়ে চোখের যত্ন নেবেন

## বর্ষাকালে রোদের তেজ অনেক সময়েই কম থাকে। কিন্তু তার মানে এই নয় যে রোদচশমা পরা ছেড়ে দেবেন। ধুলোয় নানা ধরনের জীবাণু ঘোরে। তা এসে লাগতে পারে চোখে। ফলে দিনের বেলা পথে বেরোলে রোদচশমা ব্যবহার করা জরুরি।

## রাস্তায় যে কোনো জায়গায় পানি দিয়ে চোখ-মুখ ধোবেন না। চোখে পানি দিতে হলে আগে হাত পরিষ্কার করে নিন। এবং চোখে দেওয়ার জন্য পরিষ্কার পানি ব্যবহার করুন।

## চোখের যে কোনো ধরনের রোগ সংক্রামক। ফলে এ সময়ে কারও সঙ্গে তোয়ালে বা রুমাল ভাগ করে ব্যবহার করবেন না। বাড়িতেও সকলে আলাদা তোয়ালে ব্যবহার করুন।