এভারগ্রিন ফিটনেসের একটি মূল উদ্দেশ্য হলো বয়স বৃদ্ধিকে রুখে দেয়া। আর এই বয়স বৃদ্ধি রুখে দিতে দারুণ কার্যকর একটি ডায়েট হলো দ্য হোল ৩০ ডায়েট। কোনোরকম ব্যায়াম ছাড়াই মাত্র ৩০ দিনে আকর্ষণীয় ফিটনেসে এসে বয়সকে অনেকটাই উল্টো পথে ঘুরিয়ে দেয়া যায়। তাই এই ডায়েট ফিটনেসপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

সুস্থ থাকতে পুষ্টিকর খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। পাশাপাশি বয়সের ভারকে জয় করতে, হাড় ও মাংসপেশির ক্ষয় পূরণে একটি সঠিক ডায়েট প্ল্যানের প্রয়োজন। নারী, পুরুষ উভয়ের ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই ডায়েট বিশেষ উপযোগী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে এই ডায়েট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে।প্রকাশিত সেসব তথ্যে বলা হয়েছে, এই ডায়েট ফলো করে নিজেকে আকর্ষণীয় করে তুলতে এবং চেহারায় তারুণ্য ধরে রাখতে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো, ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, খাওয়ার ক্ষেত্রে ভাতের পরিমাণ হবে আপনি সর্বমোট যতটুকু খাবেন তার ২০-৩০ ভাগ।

খাবারে মাছ, মাংসের পরিমাণ হবে সামান্য বা এক পিস। খেতে হবে প্রচুর পরিমাণে রান্না করা সবজি। এ ধরনের ডায়েটে খাওয়ার পর প্রাধান্য দিতে হয় মৌসুমি ফল ও সবজিকে।ডায়েটেশিয়ানরা মনে করেন, তাজা ফলমূল ও শাকসবজি গ্রহণ করার মাধ্যমে শরীর থাকবে প্রাকৃতিকভাবে সতেজ ও প্রাণবন্ত।এ ধরনের ডায়েটে বাঙালি সব ধরনের খাবারই খাওয়া যাবে। তবে এসব খাবার রান্না করতে হবে মৃদু আঁচে, কম মসলা আর তেল দিয়ে। এভাবে রান্না করলে খাবারে পুষ্টিগুণ শতভাগ অটুট থাকে। ডায়েটে থাকতে পারে রকমারি ডাল। তবে দৈনিক ৩০ থেকে ৬০ গ্রামের বেশি নয়।

দ্য হোল ৩০ ডায়েটে প্রাধান্য দিতে হবে ফাইবার সমৃদ্ধ খাবারগুলোকে। সুষম খাবার নিশ্চিতের পাশাপাশি ভিটামিন এ, বি, সি, ডি ট্যাবলেটকে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা যাবে।নিয়মিত ব্যায়াম করা বাধ্যতামূলক না হলেও হাঁটা, দৌড়, সাইকেল চালানো, সাঁতার কাটার সঙ্গে ওজন তোলার মতো ক্যালরি পোড়ায় এমন ব্যায়াম ওয়ার্কআউটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এই ডায়েট মেনে চলতে আপনাকে অবশ্যই চিনি বা মিষ্টিজাতীয় যেকোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এড়িয়ে চলতে হবে নেশাজাতীয় সব দ্রব্য। দুগ্ধজাত দ্রব্য, শস্য, শিম, সমস্ত প্রক্রিয়াজাত খাবার, বাইরের অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড ইত্যাদি ক্ষতিকর খাবারগুলোকে এই ডায়েটে একবারে নিষিদ্ধ করা হয়েছে।