কর্মজীবনে অধিকাংশ মানুষই সফল হতে চায়। এখানে নিজেকে কাজের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি সফল হওয়ারও প্রয়োজন রয়েছে। এ জন্য কর্মস্থলের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়াসহ সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব রয়েছে। আর যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয় তো রয়েছেই। এবার তাহলে কর্মজীবন বা চাকরি জীবনে সফল হতে যেসব ভুল করা ঠিক নয় তা জেনে নেয়া যাক—
স্কিল ডেভেলপমেন্ট না করা: অনেকে চাকরি পাওয়ার পর নিজ যোগ্যতা নিয়ে আর চিন্তা করেন না। অথচ তার আরও বেশি যোগ্যতা অর্জনের সময় ও সুযোগ রয়েছে। এতে যোগ্যতার অভাবে একটা নির্দিষ্ট সময় সহকর্মীরা কর্মস্থলে ভালো করলেও আপনাকে পিছিয়ে থাকতে হয়। এ জন্য নতুন নতুন বিষয়ে জানার ও বোঝার জন্য মনমানসিকতা প্রস্তুত রাখা উচিত। সুযোগ হলেই নতুন কিছু শেখা উচিত। নতুন যোগ্যতা অর্জনের পর তা সিভিতেও যোগ করুন। এতে কর্মস্থলে ভালো করার পাশাপাশি বাইরের প্রতিষ্ঠানগুলো থেকেও নতুন নতুন চাকরির প্রস্তাব পাবেন।
সহকর্মীদের সাপোর্ট না নেওয়া: কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে সাহায্য নেয়া ভালো। পেশাদারিত্বের জায়গায় প্রায় সময়ই দেখা যায়, সবাই সব বিষয়ে অভিজ্ঞ নয়। এ জন্য সহকর্মীদের সাহায্য নেয়া হয়। এতে কাজ যেমন সহজ হয়, তেমনি সবার সঙ্গে সম্পর্কও আরও সুন্দর হয়। কিন্তু এমন অনেকে আছেন যারা কারো থেকে সাহায্য নেয়া পছন্দ করেন না। তাদের এই স্বভাব-বৈশিষ্টের জন্য কর্মস্থলে নিজের সেরাটা দিতে পারেন তারা।
অফিশিয়াল ব্যবহার না করা: অনেকে আছেন কর্মস্থলে সহকর্মীদের নিজের বন্ধুর মতো মনে করেন। বন্ধুর মতোই তাদের সঙ্গে কথা বা ব্যবহারের চেষ্টা করেন। যা মোটেও উচিত নয়। কর্মস্থলে যদি বন্ধুও আপনার সহকর্মী হয়ে উঠে তাহলে অফিসে তার সঙ্গে অফিশিয়াল ব্যবহারই করুন। অফিসে যদি অপেশাদারের মতো আচার-ব্যবহার করেন তাহলে পদোন্নতি না পাওয়ার শঙ্কা থেকে যাবে। এমনকী যেকোনো মুহূর্তে আপনার চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা থাকবে।
কমিউনিকেশন বিল্ডআপ না করা: প্রচলিত রয়েছে— কর্মজীবনে যার যোগাযোগ দক্ষতা যত বেশি, তিনি তত সফল। কথাটি একদম ভুল নয়। তাই একা থাকতে ভালো লাগলেও কর্মজীবনে সফল হতে চাইলে সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার অর্থ হচ্ছে নতুন কিছু জানা-শেখা ও নতুন সুযোগের দ্বার উন্মোচিত হওয়া। ক্যারিয়ারে সফল হতে এটি খুবই সহযোগিতা করে।
নেতিবাচক কথা বলা: অফিস বা অফিসের সহকর্মী, তা শুধু অফিসেই। এ বিষয়ে কখনো অফিসের বাইরে কথা বলবেন না। অফিসের বাইরে কোনা আড্ডায় বা এক সহকর্মীর কাছে অন্য সহকর্মী সম্পর্কে কথা না বলার অভ্যাস ভালো। অনেক সময়ই নেতিবাচক কথা বলা হয়ে যায়। আবার এমনও হতে পারে, আপনি ইতিবাচক কিছু বুঝাতে চাইছেন কিন্তু তা বিপরীত সহকর্মী নেতিবাচক হিসেবে বুঝেছেন কিংবা নেতিবাচক হিসেবে অন্য কোথাও উপস্থাপন করেছেন।
কিছুদিন পরপর চাকরি পরিবর্তন: এমন অনেক মানুষই রয়েছেন যারা বেতন কিছুটা বেশির প্রস্তাব ও সুযোগ-সুবিধা পেলেই বর্তমান কর্মস্থল ছেড়ে দিয়ে অন্য কোথায় যোগদান করেন। চাকরি পরিবর্তন করা কখনো খারাপ নয়। কিন্তু কিছুদিন পরপর চাকরি বদলানো ভালো কর্মীর বৈশিষ্ট্য নয়। এতে সিভি বা বায়োডাটায় নেতিবাচক প্রভাব পড়ে। আর এমন সিভি দেখার পরে ভালো প্রতিষ্ঠিত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান কখনোই ডাকবে না আপনাকে। তাই এ রকম স্বভাব থাকলে তা শুধরে নেয়ার চেষ্টা করুন।
চাকরি পাওয়ার আগেই ছেড়ে দেয়া: মানুষের জীবনে চলতে গেলে অর্থের প্রয়োজন। এ জন্য কখনো কোনো চাকরি নিশ্চিত হওয়ার আগে বর্তমান চাকরি ছাড়বেন না। চাকরি ছাড়ার পরে যখন দেখবেন নতুন কোথায় যোগদান করতে পারছেন না বা সুযোগ হচ্ছে না, তখন জীবনকে খুবই কঠিন মনে হবে।
