প্রশাসন থেকে বারবার অভিযান চালানোর পরেও বড়লেখায় থামানো যাচ্ছে না অবৈধভাবে টিলা নিধন। উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে চলছে টিলা কাটার মহোৎসব। কারণে-অকারণে টিলা থেকে মাটি কেটে সাবাড় করা হচ্ছে। এতে হুমকিতে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। শনিবার উপজেলার নিজবাহাদুরপুরে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক এক্সকাভেটর চালককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও আবার শুরু হয় টিলা নিধনযজ্ঞ। এজন্য প্রশাসনের চোখকে ফাঁকি দিতে নানা কৌশল নেয় তারা। দিনের বেলা টিলা কাটা কিংবা পরিবহন না করে তারা খুব ভোরে কিংবা গভীর রাতে টিলা থেকে মাটি পরিবহন করে। ফলে তাদের ধরা সম্ভব হয় না। অবৈধভাবে টিলা নিধনের ফলে দিন দিন ছোট হচ্ছে এ উপজেলার টিলা ও বনাঞ্চলের আয়তন। প্রভাবশালী টিলা নিধনচক্রের বেপোরায়া আচরণে ধ্বংস হতে চলেছে প্রাকৃতিক পরিবেশ। অভিযোগ রয়েছে- অনেকে বাড়ি বানাতে টিলা কেটে মাটি বিক্রি করছেন। অনেকে বাড়িতে মাটি ভরাট করাতে টিলার মাটি কিনছেন। টিলার মাটি তুলনামূলক সস্তা হওয়ায় মানুষজন তাদের প্রয়োজনে টিলার মাটি কিনতে আগ্রহ প্রকাশ করে। মানুষের এই চাহিদাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে একটি টিলা খেকো চক্র।

উপজেলায় অবৈধভাবে টিলা কাটার এমন উৎসবে এলাকার পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তারা বলছেন, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ভূমিকম্প বাড়বে। পরিবেশের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে। অতি বৃষ্টি কিংবা খরা, সময়ে বৃষ্টি না হওয়া, অসময়ে বৃষ্টিপাত বেড়েই চলেছে।

জানা যায়, বড়লেখা উপজেলার পাহাড় ঘেঁষা কাঁঠালতলী, বিওসি কেছরিগুল, ডিমাই, শাহবাজপুর, সায়পুর, কলাজুরা, হাকাইতি, কাশেম নগর, জামকান্দি, মোহাম্মদ নগর, সাতরা কান্দি, গঙ্গারজল, জফরপুর, কাশেমনগর, গজভাগ, পূর্ব হাতলিয়া, বোবারথল, মোহাম্মদনগর, ছোট লেখা, ঘোলসা, চণ্ডীনগর, মুড়াউল, আতুয়া, বড়াইল, কুমারশাইল, পূর্ব বানীকোনা, শ্রীধরপুর, মাধবকুণ্ড, খলাগাঁও, মুড়াউলসহ অনেক এলাকায় আগে কাটা হয়েছে কিংবা এখনও প্রকাশ্যে পাহাড়-টিলা নিধন চলছে।

এ বিষয়ে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, টিলা কাটা চলছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না। তারা আমাদের উপস্থিতি আঁচ করতে পেরে সটকে পড়ে। যার কারণে এই চক্রের হোতাদের ধরা সম্ভব হয় না। মাটি কেটে যারা পরিবেশের ও দেশের ক্ষতি করছে, তাদের ছাড় দেওয়া হবে না।