কক্সবাজারের টেকনাফে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র ও যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে নেতাকর্মীরা অফিস বন্ধ করে চলে যান। শেষ রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন লাগিয়ে দেয়। রোববার সকালে স্থানীয়রা অফিসটি ভস্মীভূত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে। এই কার্যালয়টি আমাদের সাংগঠনিক কার্যক্রমের কেন্দ্র ছিল। গুরুত্বপূর্ণ অনেক কাগজ ও আসবাবপত্র এখন ছাই। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেই ফ্যাসিস্ট ও পরাজিত শক্তিরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
এদিকে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, “বিএনপি অফিসে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সাথে জড়িত, তা শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে এবং বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com