চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় লালদীঘিতে নির্মিত বিশেষ মঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শক্তি, সাহস আর ঐতিহ্যের এই অনন্য আয়োজনে অংশ নিয়েছেন ১০৮ জন বলী।
উদ্বোধনের আগে থেকেই লালদীঘি মাঠ ও এর আশপাশের এলাকায় হাজারো দর্শকের ঢল নামে। প্রতিটি লড়াই ঘিরে মাঠে তৈরি হয় তুমুল উত্তেজনা, করতালির ধ্বনি আর দর্শকদের উচ্ছ্বাস। এবারের আসরে অন্যতম আকর্ষণ গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ বলী। তাদের সম্ভাব্য দ্বৈরথ দেখার অপেক্ষায় মাঠের দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।

এই বলীখেলাকে ঘিরে লালদীঘি মাঠে বসেছে তিন দিনের বৈশাখী মেলা। মেলায় মাটির সামগ্রী, বাঁশ ও কাঠের হস্তশিল্প, খেলনা, লোকজ অলংকার এবং বাহারি দেশীয় খাবারের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আবদুল জব্বার সওদাগরের হাত ধরে এই বলীখেলার যাত্রা শুরু হয়। সময়ের পরিক্রমায় এটি চট্টগ্রামের প্রধান সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।
এদিকে, উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠ সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে এবং বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।
Development by: webnewsdesign.com