লণ্ডভণ্ড শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি

খাগড়াছড়ির মানিকছড়িতে কালবৈশাখীর তাণ্ডব

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ৬:৩০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে কালবৈশাখীর তাণ্ডব
apps

খাগড়াছড়ির মানিকছড়িতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লন্ডভণ্ড হয়ে গেছে বেশ কিছু বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগে বাটনাতলী ও তিনটহরী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো উপজেলা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার হঠাৎ কালো মেঘ ও প্রচণ্ড দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। ঝড়ের তীব্রতায় বাটনাতলী ইউনিয়নের ঘোরখানা এলাকার ‘শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসা’র টিনসেট ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটহরী ইউনিয়নের বড়বিল এলাকার মো. সোলেমান মিয়া ও কালাপানি এলাকার আবু তালেবের বসতঘরসহ অন্তত ৫টি পরিবারের ঘরের চাল উড়ে গিয়ে পাশের জমিতে পড়ার খবর পাওয়া গেছে।

​ঝড়ের তাণ্ডবে হাটহাজারী বিদ্যুৎ লাইনের খুঁটি ও তারের ব্যাপক ক্ষতি হওয়ায় রোববার সন্ধ্যা থেকে মানিকছড়ি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।

​ক্ষতিগ্রস্ত সোলেমান মিয়া বলেন, ‘ঝড়ে আমার মাটির ঘরের চাল ভেঙে উঠানে পড়ে গেছে। ঘর মেরামত না করা পর্যন্ত খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে আমাদের।’ অন্যদিকে, ঋণের টাকায় নির্মিত ঘর হারিয়ে নিঃস্ব আবু তালেব বলেন, ‘ঘর ঠিক করার মতো আর্থিক সামর্থ্য এখন আমার নেই।’

​এ বিষয়ে মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ উজ জামান বলেন, ‘আকস্মিক ঝড়ে বেশ কিছু পরিবার ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা করছি, দ্রুতই ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা হবে।’

Development by: webnewsdesign.com