ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজ তৃতীয় ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছেন। তবে তার দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স হেরেছে বার্বাডোজ রয়্যালসের কাছে। ৬ উইকেটের এই হারে প্রথম কোয়ালিফায়ারের আগে ধাক্কা খেল গায়ানা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গায়ানা। মাত্র ১৫ রানে তিন উইকেট হারানোর পর গ্লেন ফিলিপসের সঙ্গে জুটি গড়েন মিরাজ। তবে ২৪ রানে ফিলিপস ফেরার পর মিরাজও বড় ইনিংস খেলতে পারেননি। ২৪ বলে এক চার ও এক ছক্কায় ১৮ রান করেন তিনি।

শেষ দিকে রোমারিও শেফার্ড ও ইমরান তাহিরের ৩১ রানের জুটিতে কোনোমতে ৯৯ রান করে গায়ানা। ১৮.১ ওভারে অলআউট হয় তারা। বার্বাডোজের হয়ে এএম গজনফার ও জোহান লেইন নেন তিনটি করে উইকেট।

৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৩৬ রানের মধ্যেই তিন উইকেট হারায় বার্বাডোজ। পাওয়ার প্লের শেষ ওভারে কুইন্টন ডি ককের অফস্টাম্প ভেঙে প্রথম উইকেট নেন মিরাজ। ১২তম ওভারে শ্যাডর‌্যাক ডেসকার্টেকে ৩২ রানে ফেরান তিনি।

৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মিরাজ। তিন ম্যাচে তার শিকার এখন ৯ উইকেট। তবে তার বোলিংয়ের পরও জয় আটকাতে পারেনি গায়ানা। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বার্বাডোজ।

গায়ানা আগামী ১৭ সেপ্টেম্বর প্রথম কোয়ালিফায়ারে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে।