রাজশাহী বিভাগের আট জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৬৮ জন। বিভাগে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৪ হাজার ১৪৬ জনই সুস্থ হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে এখন মোট করোনা পজিটিভ আছেন ১ হাজার ৬৮ জন।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার বিভাগে নতুন মাত্র পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চারজনেরই বাড়ি বগুড়া, একজনের বাড়ি রাজশাহী। এ দিন বিভাগের ১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নওগাঁর দুইজন, নাটোরের একজন, জয়পুরহাটের পাঁচজন এবং বগুড়ার পাঁচজন সুস্থ হয়েছেন। বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৮৭ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
