ছাতকে পলাতক আসামী ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা হামলার শিকার হয়েছেন।রোববার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতারসহ ৪ হামলাকারীকে আটক করে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া (৩২) কে গ্রেফতার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়।
হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী (৬২), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (২৮) ও স্বজন আইয়ূব আলীর পুত্র আব্দুল আহাদ (৩০)কে আটক করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
