২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে বন্দরনগরীর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করা হবে। এই সিটিতেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ। আপিল ২ থেকে ৪ মার্চ। প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।প্রসঙ্গতঃ ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।একই দিনে বগুড়া-১ আসনে ও যশোর-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই দুই আসনে ব্যালটে ভোট হবে।
