মৌলভীবাজারে কমলগঞ্জে লিপি বেগম নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে থানায় মামলা দায়ের করেছেন। গত ৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহতের খালা রুবিনা আক্তার।

মামলায় তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকে তার স্বামী নাছির মিয়া ও শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে তাকে শারীরিক ও অমানবিক নির্যাতন করছিল। এমনি নির্যাতনে গত ৪ ফেব্রুয়ারি রাতে লিপি বেগম মারা যায়। পরে বিষয়টি ধামাচাপা দিতে লিপির মুখে বিষ ঢেলে সে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার করা হয়। এমনকি মরদেহটি উদ্ধারের পর মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তাদেরকে গৃহবধূর স্বজনদের না জানিয়ে দ্রুত মাটি দেয়া হয়। এর পর তাদেরকে সংবাদ দেওয়া হয় বলে জানান রুবিনা বেগম। এজন্য তিনি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মামলাটি দায়ের করেছেন।

 

তবে গৃহবধূর স্বামী নাসির মিয়া বলেন, পারিবারিক কোন কলহ ছিল না। তার স্ত্রী লিপি কি কারণে বিষ পান করে মারা গেল তা তিনি বুঝতে পারছেন না।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি গত ৪ ফেব্রুয়ারি ঘটার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করিয়েছে। সম্প্রতি নিহত গৃহবধূর খালা লিখিতভাবে অভিযোগ করেছেন নির্যাতনে লিপির মৃত্যুর পর তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, যেহেতু এখন লিখিত অভিযোগ হয়েছে সেহেতু সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় যোগিবিল গ্রামের নাছির মিয়ার স্ত্রী লিপি বেগম (২৪) মারা যান।