মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের নতুন ওয়েবসাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। আগামী ১৯ মার্চ সংসদ ভবেনের দক্ষিণ প্লাজায় শিশু মেলা আয়োজনের মধ্য দিয়ে মুজিববর্ষ কার্যক্রম শুরু হবে। এরপর সংসদের বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী নানা আয়োজন থাকবে। ওই সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।আজ বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে ‘মুজিববর্ষ ২০২০-২০২১’ উদযাপন অনুষ্ঠানমালার অবহিতকরণ সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে গৃহীত অনুষ্ঠানমালা উপস্থাপন করেন সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ। সভায় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমূখ।সভায় যথাযোগ্য মর্যাদায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী কর্মপরিকল্পনা তুলে ধরে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদ আয়োজিত মুজিববর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ওয়েবসাইটও উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি ১৯ মার্চ বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। এরপর ২২ থেকে ২৩ মার্চ বিশেষ অধিবেশন বসবে। একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে বিশেষ অধিবেশনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ২২ মার্চ সংসদ অধিবেশন শুরুর পূর্বে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।সভায় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী নিয়ে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, বাংলাদেশ সংবিধান দিবস উদযাপন, পহেলা ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর ‘মুজিবমঞ্চ’ স্থাপন ও বিজয় মেলা আয়োজন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সংসদে প্রদত্ত ভাষণ-সংবলিত বিশেষ প্রকাশনা করা হবে।

সভায় দক্ষিণ আফ্রিকায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে পরাজিত করে শিরোপা লাভ করায় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেটদলকে অভিনন্দন জানানো হয়।