হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার পিটুয়ারকান্দি গ্রামের আলোচিত শিশু সামিরুন আক্তার (১২) হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আসামি মো. লিটন মিয়াকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ। আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পিবিআই হবিগঞ্জের পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথের নেতৃত্বে একটি অভিযানিক দল পিটুয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার তথ্য: আজমিরীগঞ্জ থানার মামলা নম্বর-০১, তারিখ ০২/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই হবিগঞ্জের পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ।
মামলার বিবরণ: মামলার ভিকটিম সামিরুন আক্তার পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। বাড়ি আজমিরীগঞ্জ থানার ২ নম্বর বদলপুর ইউনিয়নে। ঢাকা থেকে সে বড় বোন ও মামলার বাদী তৃষা আক্তারের বাড়িতে বেড়াতে আসে।
গত ৩০ মার্চ বিকেল আনুমানিক ৫টায় সামিরুন বোনের বাড়ি থেকে তাদের পুরোনো বাড়িতে যায় এবং সেখানে অন্য মেয়েদের সঙ্গে খেলাধুলা করে। ওই দিন রাত আনুমানিক ৮-৯টার দিকে বাদীর মা মেয়ের খোঁজে বাদীর বাড়িতে আসেন। বাদী জানান, বোন তাদের বাড়িতে আসেনি। তখন জানা যায়, সামিরুনকে কোথাও পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
খোঁজাখুঁজির একপর্যায়ে ১ এপ্রিল দুপুর আনুমানিক ৩টায় স্থানীয় লোকজনের মাধ্যমে বাদী খবর পান, কুশিয়ারা নদীতে সামিরুনের মরদেহ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, মরদেহ বিবস্ত্র ও ফুলে যাওয়া অবস্থায় রয়েছে এবং সামিরুনের পরনের গেঞ্জি দিয়ে হাত ও পাজামা দিয়ে পা বাঁধা। তিনি বোনের মরদেহ শনাক্ত করেন। পরে বাদী আজমিরীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে ২ এপ্রিল মামলাটি রুজু হয়।
থানা পুলিশের তদন্তাধীন অবস্থায় মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় গত ৪ মে (স্মারক নং: পিবিআই/মামলা/২০২৬/৮৩৩/ক্রাইম (ইস্ট)) পিবিআই মামলাটি অধিগ্রহণ করে এবং পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়।
আত্মগোপনে ছিলেন লিটন: স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে, মামলা রুজুর পর থেকে লিটন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তিনি মাদকের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধে সম্পৃক্ত বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ভিকটিমের পরিবারসহ স্থানীয় লোকজনের জোর সন্দেহ, লিটন ও তার সহযোগীরা সামিরুনকে ধর্ষণের পর হত্যা করে লাশ গোপন করতে নদীতে ভাসিয়ে দেয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদন: এই ঘটনায় দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাংবাদিক শাওন আহমেদ সাদের নেতৃত্বে একটি বিশেষ টিম সরেজমিনে গিয়ে অনুসন্ধান চালায়। “সত্যের সন্ধানে দৈনিক বাংলাদেশ মিডিয়া” শিরোনামে গত ২১ ও ২২ জুলাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। স্থানীয় জনগণের বক্তব্যসহ ওই প্রতিবেদনে লিটন মিয়ার জড়িত থাকার বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ তুলে ধরা হয়।

মন্তব্য করুন