ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সারকারখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম (৫২) নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকার মৃত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি আশুগঞ্জের সারকারখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন জাহাঙ্গীর আলম। হাঁটা শেষে ফাঁড়িতে ফিরে নিজ কক্ষে অবস্থান করছিলেন তিনি। এর কিছুক্ষণ পর ফাঁড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সহকর্মীরা তার কক্ষে গিয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার পাশে ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পিস্তলের গুলিতে এক পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন