ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় নির্বাচনের মতোই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি জানান, পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোও সমাধান করা হয়েছে। নির্বাচনে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলো দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায়। সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা এবং ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সিইসি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।