দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেতা সমু চৌধুরী। আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছিল পরিবারের জন্য। এবার তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, সমু চৌধুরীর পরিবারের সম্মতি পাওয়ার পর তাঁর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সংগঠনটি।

রাশেদ মামুন অপু বলেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে তাঁরা প্রস্তুত ছিলেন। এ জন্য পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলেন তাঁরা। অনুমতি পাওয়ার পর ইতিমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা সংগঠনটির তত্ত্বাবধানে হবে এবং সব খরচ বহন করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর অসংলগ্ন আচরণের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয় সহকর্মী ও ভক্তদের মধ্যে।

এর আগে সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর ছেলে কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি তারা আগে থেকেই পর্যবেক্ষণ করছিল। প্রায় তিন বছর আগে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরও তাঁকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছিল।

রাশেদ মামুন অপু জানান, গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর তাঁকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিল সংগঠনটি। সে সময়ও চিকিৎসার উদ্যোগ নিতে চেয়েছিলেন তাঁরা, তবে পরিবারের সম্মতি পাওয়া যায়নি। এবার পরিবারের অনুমতি পাওয়ায় চিকিৎসার কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

একসময় টেলিভিশন নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন সমু চৌধুরী। দীর্ঘদিনের অসুস্থতার কারণে বর্তমানে তিনি অভিনয়জগৎ থেকে দূরে রয়েছেন।