গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ইউনিট-২-এর একটি ভবনের পিন সেকশনে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন অংশে এবং আশপাশের ভবনগুলোতেও।
খবর পেয়ে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল ও উত্তরাসহ আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দেন।
অগ্নিকাণ্ডের কারণে কারখানা ও আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনের তীব্রতা ক্রমেই বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন