ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় জুট ও তুলার গোডাউনে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ১০টি গোডাউন পুড়ে গেছে। পাশাপাশি পাশের কয়েকটি বাড়ির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনে থাকা তুলায় ছড়িয়ে পড়ে। পরে তা পাশের জুটের গোডাউন ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, আগুনে ১০টি গোডাউন পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ায় পাশের কয়েকটি বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।