চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং ২০ এপ্রিল সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করা হয়।

প্রথমে সারাদেশে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা নিয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। এতে লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ পূরণ হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিশু টিকা নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে টিকা নিয়েছে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন এবং চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন শিশু। এছাড়া রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ এবং বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশু টিকা পেয়েছে।

দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নতুন করে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বরের কর্মসূচি সরকারের বাড়তি তৎপরতার অংশ। এর মূল লক্ষ্য, কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।