থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ অন্তত সাতজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুলে হামলার আগে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী নিজের দাদা-দাদিকেও গুলি করে হত্যা করে।

পুলিশের তথ্যমতে, হামলাকারী অন্তত ২৬ রাউন্ড গুলি ছোড়ে। তার কাছে আরও ৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল।

থাইল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ত্রাইরং ফোফান জানান, নিহত সাতজনের মধ্যে হামলাকারীও রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির শিক্ষামন্ত্রী প্রসার্ট জান্তারারুয়াংথং বলেন, নিহত ও আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ই রয়েছেন। পুলিশ হামলাকারীকে ওই স্কুলেরই এক শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এ ঘটনাকে ‘অত্যন্ত ভয়াবহ’ উল্লেখ করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

পুলিশ ঘটনাটির কারণ ও হামলার পেছনের প্রেক্ষাপট তদন্ত করছে।