ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি, আটক এবং লাঠিচার্জের অভিযোগে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ।
সোমবার পুলিশের অনুমতি ছাড়া সংসদ ভবন অভিমুখে মিছিল বের করে সিজেপি। বিক্ষোভকারীদের অভিযোগ, মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ার শেল ব্যবহার করেছে। এ ছাড়া কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক সীমিত করা হয়েছে বলেও দাবি করেন তারা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। নতুন দিল্লি এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। দিল্লি পুলিশ জানায়, সংসদ অভিযানের জন্য সিজেপি কোনো অনুমতি নেয়নি এবং অনুমতি চাইলেও তা দেওয়া হতো না।
নিরাপত্তার অংশ হিসেবে রাজীব চক, জনপথ, প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয় ও সেবা তীর্থ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়। নতুন দিল্লি এলাকায় প্রায় পাঁচ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
কঠোর নিরাপত্তার মধ্যেও হাজারো সমর্থক নিয়ে সংসদ অভিমুখে মিছিল শুরু করে সিজেপি। কর্মসূচিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী আংমো অংশ নেন। বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সিজেপির মুখপাত্র সৌরভ দাসসহ কয়েকজন নেতা ও সমর্থককে আটক করে। পরে সৌরভ দাস জানান, সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
পরে সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক করেন। দলটির মূল দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
এদিকে দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, যন্তর মন্তরে কোনো ধরনের লাঠিচার্জ বা বলপ্রয়োগ করা হয়নি এবং পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনে বসেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। পরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
