ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে দুটি বিষয় স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একদিকে ইরান নিজেদের সামরিক সক্ষমতা ও প্রভাব তুলে ধরতে চাইছে, অন্যদিকে বিশ্বে নিজেদের সামরিক আধিপত্য ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র।
আরব পারসপেক্টিভস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেইদন আলকিনানি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামরিক হামলার পরিবেশে কোনো চুক্তি বা সমঝোতার কাঠামো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীল পরিস্থিতি থাকলেও সামরিক তৎপরতাগুলো বৃহত্তর কৌশলের অংশ। ভবিষ্যতের আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতেই বিভিন্ন পক্ষ এমন পদক্ষেপ নেয়।
আলকিনানির মতে, ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি হিসেবে নিজের অবস্থান ও প্রভাব বজায় রাখতে চাইছে।
তিনি বলেন, ইরান বর্তমানে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে চাইছে। হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও পারস্পরিক ভুল বোঝাবুঝি থেকেই বর্তমান উত্তেজনা তৈরি হয়েছে।
আঞ্চলিক সম্পর্ক নিয়ে নতুন ভাবনা
আলকিনানি বলেন, উপসাগরীয় দেশগুলো এখন কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তারা চায়, আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার দ্রুত অবসান হোক।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে দেশগুলো ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সম্পর্কের নতুন কাঠামো নিয়ে ভাবছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে নতুন বহুজাতিক জোট গঠনের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।
তার মতে, ভবিষ্যৎ কৌশল নির্ধারণে দেশগুলো ইরান ও ইসরায়েলের আঞ্চলিক প্রভাব মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর বিষয়গুলো গুরুত্ব দেবে। তবে সংঘাত নিরসনে অনেক দেশ আগের ভারসাম্যপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনার পক্ষেই থাকতে পারে।
