নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে ইউএনওর দাবি, ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে গতকাল সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন ইউএনও।

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে হাতিয়াজুড়ে কৌতূহল, আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইউএনওকে ঘিরে কিছু আপত্তিকর দৃশ্য রয়েছে বলে দাবি করছেন নেটিজেনদের একটি অংশ। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক আইডি ও গ্রুপে ছড়িয়ে পড়লে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনামূলক মন্তব্যও করছেন।

এদিকে স্থানীয়দের একটি অংশ বলছেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে হাতিয়ার বিভিন্ন স্থানে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গাতেই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চাইছেন ভিডিওটির প্রকৃত ঘটনা কী এবং এর পেছনের বাস্তবতা আসলে কী।