বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দুই দিনের সফরে সিলেট আসছেন। আগামী শুক্রবার ও শনিবার (২০-২১ ফেব্রুয়ারি) তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন। জুমার নামাজ আদায় করবেন হযরত শাহজালাল (রহ.) মসজিদ-এ। নামাজ শেষে দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

পরে তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ জিয়ারত করবেন। সেখান থেকে যাবেন হযরত শাহপরান (রহ.) মাজার-এ। এছাড়া গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমার তেতলিতে একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।

শনিবার সকাল ১০টায় সিলেট মহানগরীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সন্ধ্যায় নগরের বারুতখানায় অবস্থিত ফুড প্যারাডাইস হোটেল-এ সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে শনিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন তিনি।