বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হামলার ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া জামায়াত নেতা মো. আরিফ হোসেন অভিযোগ করে বলেন, ঈগল প্রতীকে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় ধানের শীষ প্রতীকের সমর্থক মুলাদী পৌর যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের ধাওয়া দিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় ব্যারিস্টার ফুয়াদের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে প্রচারণায় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় জামায়াত নেতা আরিফ বয়াতিকে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে একাধিক নেতাকর্মী আহত হন। ঘটনার পর নিরাপত্তাহীনতার আশঙ্কায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলাকারীরা কিল, ঘুষি ও লাঠি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা বন্ধের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৌর জামায়াতের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম, সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির, ছাত্রশিবির সভাপতি হামিম হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।