চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের নির্বাচনী মাঠে প্রচারণার প্রথম দিনেই সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডের সাব এরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

​হামলায় প্রার্থীর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। উদ্ভূত পরিস্থিতিতে প্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

মাওলানা ওয়াহেদ মুরাদ জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই তিনি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। দুপুর ১২টার দিকে সাব এরিয়া এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত স্থান থেকে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ শুরু করে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

​তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। কিন্তু প্রচারণার শুরুতেই এই ধরনের কাপুরুষোচিত হামলা আমাদের আতঙ্কিত করে তুলেছে। আমরা প্রশাসনের কাছে প্রচারণার নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

​ ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে কোতোয়ালি থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “হামলার খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম সরেজমিনে গিয়ে তদন্ত করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”