আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে বড় ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের হাতে তিনি আবেদনটি হস্তান্তর করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন,অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন,দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। চরমোনাইয়ের সম্মানে আমরা এই আসন থেকে সরে দাঁড়িয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখন থেকে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালাব এবং তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব বলেন তিনি।
প্রত্যাহারের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ হাবিবুর রহমান, অ্যাডভোকেট শাহে আলম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
