বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান।

অনুষ্ঠানে আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আঃ খালেক মৃধা এবং ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মাইন উদ্দিন মৃধার ভাই বিএনপি নেতা শহীদ মৃধা ও সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন (মেম্বার)-এর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নবাগত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর আদর্শ, ন্যায়ভিত্তিক রাজনীতি ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তারা এই দলে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে জামায়াতের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নতুন সদস্যদের বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন সত্য ও ন্যায়ের রাজনীতির প্রতি আগ্রহী হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিভিন্ন নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।