ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই প্রক্রিয়া শেষে জাতীয় পার্টির (জাপা) দুই প্রার্থীসহ মোট ছয়জনের মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, ২ ও ৩ জানুয়ারি বরিশালের ছয়টি আসনে জমা পড়া ৪৮টি মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। যাচাই শেষে ৩২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) যাচাইয়ের শেষ দিনে বরিশাল-১, বরিশাল-২ ও বরিশাল-৩ আসনের মোট ২৫টি মনোনয়ন পর্যালোচনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি, অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষরের অনুপস্থিতি, ভোটার তালিকার অসামঞ্জস্য এবং দলীয় অনুমোদনের অভাবসহ বিভিন্ন ত্রুটির কারণে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির দুই প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুইজন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকায় জাসদের এক প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আরও দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল।

এ বিষয়ে বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আর যেসব মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলোর কাগজপত্র যাচাই শেষে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই শেষে বর্তমানে ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হয়েছেন।