ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ায় বরিশাল-৪, বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়।
এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। পাশাপাশি একই আসনে একজন এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ মনোনয়ন বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনটি সংসদীয় আসনে মোট ২১ জন প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই করা হয়।
বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে বরিশাল সদর-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়ন বাতিল হয়। একই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে দুটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ বি ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসঙ্গতির কারণে বরিশাল সদর-৫ আসনের বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
আগামীকাল শনিবার বরিশাল-১, বরিশাল-২ ও বরিশাল-৩ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন জানান, প্রথম ধাপে তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল ও দুটি স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী নির্ধারিত সময়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
