বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কাজিপুরে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে কাজিপুর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। সকালে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ সেলিম রেজা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় দেশপ্রেমিক নেতাকে হারালো। আমরা তাঁর আদর্শ ধারণ করেই গণতন্ত্রের লড়াইয়ে অবিচল থাকব।”
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, শহিদুল ইসলাম বাবু, উপজেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মজিবর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অপরদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
সকালে বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের তৌফিক চাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
