বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় মরা গরু জবাই করে পচা মাংস বিক্রির সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। আটক দু’জন হলেন রিপন ও রাকিব।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি হলুদ রঙের অটোরিকশায় করে জবাই করা একটি গরু চাঁদমারি এলাকার একটি গোশতের দোকানের সামনে আনা হয়। পরে দোকানের সামনে গরুর চামড়া ছাড়িয়ে মাংস বিক্রির প্রস্তুতি নিলে চারদিকে তীব্র পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আশপাশের দোকানদার ও স্থানীয়রা সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তিরা একপর্যায়ে স্বীকার করেন, গরুটি আগেই মারা গিয়েছিল।
স্থানীয়দের দাবি, আটককৃতরা জানান,চামড়া ছাড়িয়ে নেওয়ার পর গরুর মাংস দূরে কোথাও ফেলে দেওয়ার কথা ছিল। তবে জনতা তাদের কথাবার্তায় অসঙ্গতি পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির এএসআই কাইয়ুম জব্দকৃত মাংস ও গরুটি নিয়ে বরিশাল সদর ভূমি অফিসে যান। এখান থেকেই শুরু হয় নতুন বিতর্ক। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্রের অভিযোগ, সহকারী কমিশনার ভূমি চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগেই জব্দকৃত পচা মাংস একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ উঠেছে, পদ্মাবতী এলাকার বাসিন্দা ও মরাগরু জবাই চক্রের এক সদস্য সবুজের মাধ্যমে ওই পচা মাংস সরিয়ে নেওয়া হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত দোকানের মালিক, যিনি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দেন, মো. জহির জানান,রিপন ও রাকিব আগে আমার দোকানে কাজ করত। তবে প্রায় দুই মাস ধরে দোকান বন্ধ। তারা আজ কোথা থেকে গরু এনেছে আমি জানি না, তাদের বাড়িঘর সম্পর্কেও আমার কোনো তথ্য নেই।
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আজহারুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একই সঙ্গে জব্দকৃত পচা মাংস সিটি করপোরেশনের মাধ্যমে মাটিচাপা দিয়ে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন,পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, আমার নির্দেশের আগেই জব্দকৃত মাংস ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিস্তারিত জানার পর পূর্বের জরিমানার আদেশ বাতিল করে অভিযুক্তদের বিরুদ্ধে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
