দলমতের ঊর্ধ্বে থেকে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছার। সম্প্রতি স্কটল্যান্ড সফরকালে ইডেনবরায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ইডেনবরার একটি আভিজাত্য বুফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছারকে। এসময় তিনি আয়োজক ও উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইডেনবরা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আলমগীর কবির, মজ্জেম হোসেন, এমদাদুল হক শাহা বাবু, আলমগীর শেখ, তুহিন মাহমুদ, মোমিনুর রহমান, আমিনুর ইসলাম, শহিদুল ইসলাম, নূর হোসেন, ইলিয়াস খান, জনি খন্দকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স প্রবাহকে আরও গতিশীল করতে নিজ নিজ পেশাগত কাজে মনোযোগী হওয়া এবং ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
