গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার বিমান পরিচালনায় প্রযুক্তিগত সমস্যার পুনরাবৃত্তি দেখা দিয়েছে, যা যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হিসেবে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিমান সংস্থার তরফ থেকে।

এবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে বাধ্যতামূলক জরুরি অবতরণ করতে হয়েছে। সোমবার গভীর রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এ কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত বিমানটি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেয়া হয়।

এআই ১৮০ নম্বরের বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি সময় মতো সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় পৌঁছায়। এরপর রাত ২টার সময় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমানটি ছাড়তে পারেনি। পিটিআই জানায়, বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ায় বিমান আটকে পড়ে। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ পাইলট নিরাপত্তাজনিত কারণে সকল যাত্রীকে বিমান থেকে নামানোর নির্দেশ দেন। এরপর বিমানটিকে দমদম বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়, যেখানে গ্রাউন্ড স্টাফরা ইঞ্জিনের সমস্যাটি খতিয়ে দেখছেন।

এর আগে গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার ঘটনা ঘটে, যেখানে প্রায় সব যাত্রীর মৃত্যু হয়। সেই দুর্ঘটনার মাত্র কয়েকদিন পর গত রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। পাইলটের দ্রুত সতর্কতায় দুর্ঘটনা এড়ানো যায় এবং বিমান কিছু সময় পরে গন্তব্যের পথে রওনা দেয়। তথ্যসূত্র : পিটিআই