ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই সম্প্রসারণের আওতা বাড়ায় যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো মিয়ানমার, নাইজেরিয়া, ইরিত্রিয়া, সুদান, তানজানিয়া ও কিরগিজস্তান। জানা গেছে, এসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে অভিবাসী হতে পারবেন না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পর্যটক হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাবেন এসব দেশের নাগরিকেরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ছয়টি মুসলিম দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন। উত্তর কোরিয়ার নাগরিক আর ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে এসব নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, নতুন করে তালিকায় যুক্ত হওয়া দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তথ্য বিনিময় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।
এদিকে, ভারপ্রাপ্ত মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী চাড ওলফ বলেন, এসব দেশের বেশিরভাগই সহায়তা করতে চায়; তবে দেশগুলো বিভিন্ন কারণে আমাদের জন্য প্রয়োজনীয় মান অনুসরণ করতে ব্যর্থ হয়েছে।
