বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমির, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটিডে এর চেয়ারম্যান ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক ভিপি মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের এমন দুর্দশাগ্রস্থ পরিস্থিতি হবে এমনটি আমরা কখনো চিন্তা করতে পারিনি।

আজ মঙ্গলবার (৬ মে) রাতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশ আগমণ উপলক্ষে প্রাক্তন ছাত্র পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, অতীতে চার দলীয় জোট সরকারের আমলে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পদক্ষেপ নেয়া হলেও একজন রাজনৈতিক ব্যক্তির চরম বিরোধিতার কারনে সেটি আটকে যায়। এরপরের ১৬ বছর এই মাদ্রাসাটিকে গিলে ফেলা হয়েছে। নেই কোন অবকাঠামোগত উন্নয়ন, নেই প্রতিষ্ঠানটির পড়াশোনার কোন অগ্রগতি। তাই এখন সময় এসেছে এই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা হলো ইসলামী আন্দোলনের সূতিকাগার। তাই যারা ইসলামি আন্দোলনকে পছন্দ করেনা তারা কখনো এই প্রতিষ্ঠানের উন্নতি চাইবেনা। কাজেই সকল বাঁধা পেরিয়ে সিলেটবাসীর প্রাণের প্রতিষ্ঠান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এখানে প্রয়োজন প্রয়োজনীয় শিক্ষকমন্ডলী, হোস্টেল এবং কিছু অবকাঠামোগত উন্নয়ন। বর্তমান সরকারকে সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা যেভাবেই হোক তাদের দাবি আদায় করে ছাড়বে।

সাবেক ভিপি ও আহ্বায়ক মওলানা মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ভিপি ও সদস্য সচিব মাওলানা আব্দুল গফফারের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক এজিএস ও বিশিষ্ট শিল্পপতি ওয়াজিহ উদ্দিন খাঁন তোফায়েল। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও আম্বরখানা শাখার ব্যবস্থাপক সৈয়দ জিল্লুর রহমান, সিলেট ল কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র এসি. ভাইস প্রেসিডেন্ট এ এস এম গৌছ সিদ্দিকী, লামাবাজার শাখার ম্যানেজার আখলাকুল আম্বিয়া বাহার, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির খান, ছাত্র পরিষদের সাবেক সভাপতি মাওলানা ফিরোজ উদ্দিন, জয়দা আলিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ড মাওলানা মকছুছুল করিম চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার ও মাদ্রাসার বর্তমান ছাত্রদের পক্ষে মনোয়ার হোসেন।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী জাবেদ আহমদ ও ইসলামি সংগীত পরিবেশন করেন দিলোয়ার হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ছাত্ররা অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।