পাকিস্তান জানিয়েছে যে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে আজ বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।’
পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণাঃ
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ আজ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন, ‘সব চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে।’
কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তানে ভারতের হামলাকে ‘দুঃখজনক’ বলল চীনঃ
পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির লাইভের এক খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তারা চলমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বিগ্ন’ এবং উভয় দেশকে ‘শান্ত থাকতে, সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে’ আহ্বান জানিয়েছেন।
ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র আজ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। ভারত পাকিস্তানের ৯টি ‘সন্ত্রাসী অবকাঠামো’য় আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এ তথ্য জানা গেল।
এদিকে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও ভারত পাকিস্তানের এ দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ বন্ধঃ
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে । কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তাঁরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিবিসি লাইভ থেকে নেওয়া
