সিনেট বক্তৃতায় ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এবং পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা নিয়ে সংসদ সদস্যদের অবহিত করেন ইসহাক দার।

সিনেট অধিবেশনে পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি)র আইন প্রণেতা সৈয়দ মাসরুর আহসানের আহ্বানের বিষয়টিও তোলা হয়। যিনি দেশে ‘ঐক্যের বার্তা’ পাঠানোর জন্য একটি বহুদলীয় সম্মেলনের আহ্বান জানান এবং পিটিআই প্রধান ইমরান খানের অংশগ্রহণের বিষয়টিকে সমর্থন করেন। এর আগে পিটিআই দলের নেতাকর্মীরা ইমরানের অংশগ্রহণের দাবি জানান।

এ সময় দার বলেন, ‘পাকিস্তান ভারতকে একইভাবে পাওনা বুঝিয়ে দেবে, কিন্তু আগে আক্রমণ শুরু করবে না।’

সিনেটে বক্তৃতায় পহেলগাম হামলায় উত্তেজনা বৃদ্ধির পর পাকিস্তানের কূটনৈতিক পদক্ষেপের বিস্তারিত বিবরণ শেয়ার করেন ইসহাক দার। বলেন, ‘এখন পর্যন্ত, আমরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, চীন, যুক্তরাজ্য, তুর্কি, আজারবাইজান, কুয়েত, বাহরাইন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছি।’

চরম সংকটের সময় পাকিস্তানের প্রতি স্পষ্ট সমর্থন প্রকাশের জন্য দার চীন এবং তুরস্কের প্রশংসাও করেন।

সংসদে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘আমি তাদের কী ঘটেছিল তা ব্যাখ্যা করেছিলাম। ভারতের মানসিকতা, এর ইতিহাস এবং সেই ইতিহাসের আলোকে এর উদ্দেশ্য কী হতে পারে সে সম্পর্কে আমাদের উদ্বেগ সবকিছু জানিয়েছি তাদের।’

এছাড়া তিনি জানান, পাকিস্তানের গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ভারত আরও উত্তেজনা বৃদ্ধির কথা ভাবছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্কবার্তা দেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম আক্রমণকারী হব না। কিন্তু ভারত যদি তা করে, তাহলে এবার কোনো পাল্টা পদক্ষেপ নয়, আমাদের প্রতিশোধ ভারতীয় পদক্ষেপের চেয়ে শক্তিশালী হবে।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।